বীরভূমের পর্যটন মানচিত্রে মুরারইয়ের মলয়পুর
অনির্বাণজ্যোতি সিংহ
আঞ্চলিক ইতিহাস গবেষক
বীরভূম জেলার যে সমস্ত ইতিহাস খ্যাত স্থান রয়েছে ,সেগুলির মধ্যে অন্যতম মুরারই ১নং ব্লকের অধীন মলয়পুর। মুরারই রেল স্টেশনের পশ্চিমে প্রায় চার কি.মি.দূরে গ্রামটির অবস্থান।টোটো, অটো, ভ্যান-রিক্সায় চড়ে গ্রামটিতে পৌঁছনো যায়।পথে যেতে যেতে প্রকৃতির অপরূপ শোভা প্রাণে এক ভালো লাগা তৈরি করে।একটা সময় এই গ্রামটি ছিল মল্লরাজাদের অধীন।হাজারী গড় তারই ইঙ্গিতবাহী ।গড়ের পশ্চিম ,উত্তর ও পূর্বদিকে রয়েছে একটি পরিখা যা গ্রামের মানুষের কাছে মলয়দহ নামে পরিচিত।এরই নিকটে ময়নাকুণ্ডের অবস্থান ।মুরারইয়ের প্রথিতযশা চিকিৎসক স্বর্গীয় ডা:দ্বারিকানাথ দত্ত তাঁর 'অপরাজিতা মা'গ্রন্থে এই ময়নাকুণ্ডে যুদ্ধে নিহত সৈনিকদের দাহ করা হতো বলে মত পোষণ করেছেন।মলয়দহের কাছেই ছিল মল্লেশ্বরী দেবীর মন্দির; যা এখন ধ্বংসস্তূপে পরিণত।এই দেবীর শুধু পায়ের পাতাটি এখন দেখতে পাওয়া যায়।মূর্ত্তিটির শরীরের বাকী অংশ ভেঙে ফেলা হয়েছে।কেউ কেউ মনে করেন এই অঞ্চলের উপর বর্গী আক্রমণের সময় মূর্ত্তিটি বর্গীদের দ্বারা আক্রান্ত হয়।আবার কারও কারও মতে,সাঁওতাল বিদ্রোহীরা মূর্তিটির ভগ্ন অবস্থার জন্য দায়ী।একটি সুড়ঙ্গের মাধ্যমে মলয়দহ ও হাজারী গড় সংযুক্ত ছিল ।মনে করা হয়, ওই সুড়ঙ্গ পথে যাতায়াতও চলতো।মলয়পুর গ্রামের উত্তরে রয়েছে 'দামোদরা' নামের একটি পুষ্করিণী।এখানেই একটি নিম গাছের তলায় একটি প্রাচীন শিবলিঙ্গের অবস্থান।মল্লেশ্বরী দেবীর দুটি পায়ের পাতার অস্তিত্ব এখানেই লক্ষ্য করা যায়।পায়ের পাতা দুটির ডানদিকে পরশু হাতে সিদ্ধিদাতা গণেশ এবং বামদিকে একটি দেবীমূর্তি দাঁড়িয়ে আছে।এছাড়াও অনেক প্রত্ননিদর্শন এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।এই গ্রামটির অন্যতম আকর্ষণীয় স্থানটি হলো 'বসন্তবৈরী'দেবীর থান।মলয়পুর গ্রাম ঢুকতেই একটি পুকুর পাড়ে এর অবস্থান।মূলতঃ বসন্ত রোগের নিরাময়কারী হিসাবেই 'বসন্তবৈরী'পরিচিতা।সুদীর্ঘকাল হতে গ্রাম গ্রামান্তর থেকে মানুষ বসন্ত রোগের নিরাময় ও নানান কামনা নিয়ে এখানে এসে ভিড় করেন।অক্ষয় তৃতীয়াতে এখানে মহোৎসব হয়।তিনদিন ধরে চলে। নানান ধর্মীয় ও রাজনৈতিক ইতিহাসের সাক্ষী এই মলয়পুর গ্রামটিতে যথাযথ প্রত্ন অন্বেষণ চালিয়ে গ্রামটিকে বীরভূমের পর্যটন মানচিত্রে স্থান দেওয়া খুবই জরুরী।তাছাড়া এই গ্রামটি পর্যটনের সঙ্গেই জুড়ে দেওয়া যায় রাজশাহীর জমিদার উদয়নারায়ণের স্মৃতি বিজড়িত ঝাড়খণ্ডের জগন্নাথপুরের গড়, দমদমার মুন্ডমালার ডাঙ্গা ও মুরারই থানার অন্তর্গত উপপীঠ হিসেবে খ্যাত কনকপুরের অপরাজিতা মায়ের মন্দির।দশটি শিব মন্দিরসহ নানা দেবদেবীর অস্তিত্ব রয়েছে কনকপুর গ্রামে।একদা এই কনকপুরই ছিল বৌদ্ধ সংস্কৃতির পীঠস্থান; যার নানা চিহ্ন এখনও লক্ষ্য করা যায়।এমনকি আজকে যে মূর্ত্তিটি হিন্দুদেবী অপরাজিতা হিসেবে পূজিতা, তিনি আসলে বৌদ্ধদেবী অপরাজিতা।এই গ্রামেরই দুর্গাতরী নামে এক পুকুরের উত্তরে লালডাঙ্গা পাহাড়ে(পাড়ে) এইদেবীর অবস্থান ক্ষেত্র ছিল;যেখানে এখনও বৌদ্ধ স্থাপত্যের অস্তিত্ব মেলে।সম্ভবতঃ পাল যুগে লালডাঙ্গা পাহাড়ে বৌদ্ধদেবী অপরাজিতার মন্দিরটি স্থাপিত হয়েছিল।পরবর্তীতে হিন্দু প্রাধান্যের যুগে এই বৌদ্ধ অপরাজিতার করালরূপের পরিবর্তন ঘটিয়ে তাঁকে হিন্দু অপরাজিতায় রূপান্তরিত করা হয় এবং তাঁর অবস্থান ক্ষেত্রেরও বদল ঘটানো হয়। মলয়পুর থেকে এই দ্রষ্টব্য স্থানগুলির দূরত্ব মাত্র তিন থেকে চার কিলোমিটার।তাই অল্প খরচেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ইতিহাসের নানান আকরে সমৃদ্ধ মলয়পুর ও তার পার্শ্ববর্তী জায়গাগুলি পর্যটনে বেরিয়ে পড়তে পারেন ভ্রমণপিপাসু পর্যটকের দল।
-------------------
প্রাচীন শিবলিঙ্গ,মল্লেশ্বরী দেবীর ভগ্নমূর্ত্তি,মলয়পুর
প্রাচীন শিবলিঙ্গ ও মল্লেশ্বরীদেবীর থান,মলয়পুর
বসন্তবৈরী মায়ের মন্দির, মলয়পুর
বসন্তবৈরী মায়ের থান,মলয়পুর
মলয়দহ, মলয়পুর
'দামোদরা'পুষ্করিণীর প্রাচীন ঘাটের স্থাপত্যের নিদর্শন
'দামোদরা'পুষ্করিণী, মলয়পুর
রাণী ভবানী নির্মিত মন্দিরে মা অপরাজিতা,কনকপুর
মাঅপরাজিতার নবনির্মিত মন্দিরের উদ্বোধন(৩/১০/২০১৮)
নূতন বেদীমূলে নবসাজে দেবী অপরাজিতা,কনকপুর
প্রাচীন শিবমন্দির সংলগ্ন অপরাজিতার নবনির্মিত মন্দির
দমদমার যুদ্ধক্ষেত্র মুণ্ডমালার ডাঙ্গা,ঝাড়খণ্ড
মুণ্ডমালার ডাঙ্গার বৌদ্ধ স্থাপত্য পর্যবেক্ষণে প্রত্নতত্ত্ববিদ
মুরারই, বীরভূম।
মোবাইল নম্বর-৯৭৩২০৬৯১৫৪
No comments:
Post a Comment